প্রচ্ছদ > বিনোদন >

নতুন করে পুরোনো বিতর্কে নোরা ফাতেহি

article-img

কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর গান ‘সরকে চুনর তেরি’ নিয়ে বিতর্ক যেন থামছেই না। গানটি মুক্তির পর থেকেই এর অশালীন কথা এবং দৃষ্টিকটূ নাচের ভঙ্গিমা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন নোরা ফাতেহি ও সিনেমাসংশ্লিষ্ট সবাই।

অশালীন শব্দ ব্যবহারের অভিযোগে এবং নোরা ফতেহির শরীরী ভঙ্গি নিয়ে শুরু থেকেই গানটি নিয়ে নেটপাড়ায় বিতর্কের ঝড় ওঠে। এ নিয়ে দেশটির জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে।

কিন্তু এই ঘটনায় মঙ্গলবার (৭ এপ্রিল) নোরাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি সেখানে উপস্থিত হননি। অবশ্য হাজিরা এড়ালেও পার পাচ্ছেন না এই আইটেম গার্ল।  কমিশন তাকে শেষবারের মতো সশরীরে হাজির হওয়ার সুযোগ দিয়েছে। আগামী ২৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এছাড়া জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রহাটকরের নেতৃত্বে অনুষ্ঠিত মঙ্গলবারের এই বিশেষ শুনানিতে নোরার অনুপস্থিতি নিয়ে অসন্তোষও প্রকাশ করা হয়।

তবে এই ইস্যুতে নোরা একাই নন, বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও। গানটিতে নোরার সঙ্গে তিনিও অভিনয় করেছিলেন। এই অভিনেতাকে বুধবার (৮ এপ্রিল) আলাদাভাবে তলব করেছে কমিশন।

মঙ্গলবার অনুষ্ঠিত ওই শুনানিতে উপস্থিত ছিলেন বিতর্কিত গানটির গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম এবং প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনসের প্রতিনিধি গৌতম কেএম ও সুপ্রীত। কমিশনের এমন কঠোর অবস্থানের মুখে ছবির নির্মাতারা নতি স্বীকার করে জাতীয় মহিলা কমিশনের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং স্বীকার করেছেন যে, গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এই ঘটনায় মহিলা কমিশনের চেয়ারপারসন জানিয়েছেন, সৃজনশীলতার নামে নারীজাতির মর্যাদাহানি কোনওভাবেই মেনে নেওয়া হবে না।